
৩ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার হোটেল শেরাটনে ARISE Bangladesh Foundation-এর আয়োজনে অনুষ্ঠিত হয় “Bangladesh–GCC Workforce & Economic Outlook: Human Capital Opportunities, Trade and Investment Prospects” শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ। আলোচনার মূল লক্ষ্য ছিল জিসিসি অঞ্চলের পরিবর্তনশীল শ্রমবাজার, বাংলাদেশের দক্ষ জনশক্তির সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্বের সুযোগ নিয়ে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মতবিনিময়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী) জনাব মাহ্দী আমিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এস. এম. আমানউল্লাহ। ARISE Bangladesh Foundation-এর চেয়ারম্যান মাসুদ মান্নান, এনডিসি স্বাগত বক্তব্য দেন এবং নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সংলাপে উঠে আসে যে সৌদি আরবের Vision 2030, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বহুমুখীকরণ এবং অন্যান্য জিসিসি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ফলে অবকাঠামো, নির্মাণ, স্বাস্থ্যসেবা, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে শুধু কর্মী প্রেরণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে দক্ষ, সনদপ্রাপ্ত এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে।
এ জন্য একটি সমন্বিত Skills-to-Employment Pipeline গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়—
বাজারের চাহিদা → দক্ষতার পূর্বাভাস → কারিকুলাম → প্রশিক্ষণ → সনদায়ন → নিয়োগ → প্রেরণ → কর্মসংস্থান।
আলোচনায় গন্তব্যভিত্তিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক সনদ, জিসিসির নিয়োগকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সরাসরি অংশীদারিত্ব, শ্রমবাজারের তথ্যভিত্তিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়।
একই সঙ্গে বাংলাদেশ–জিসিসি সম্পর্ককে শুধু শ্রম অভিবাসনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল সেবা ও প্রবাসী-সম্পৃক্ত বিনিয়োগের মাধ্যমে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

ARISE Bangladesh Foundation বিশ্বাস করে, বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে শুধু বিদেশে কর্মী পাঠানোর দেশ হিসেবে নয়, বরং দক্ষ, সনদপ্রাপ্ত ও বিশ্বব্যাপী কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদের একটি নির্ভরযোগ্য উৎস এবং জিসিসির কৌশলগত অর্থনৈতিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার।